ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানমসলা জাতীয় পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজধানী ঢাকাসহ সারা দেশের পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করে ১০৮টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। রবিবার (১৯ জুলাই) সারা দেশে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মাসুম আরেফিন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীনের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স কমিটির পরামর্শ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তক্রমে ঢাকাসহ বিভিন্ন বিভাগের উপ-পরিচালক এবং ক্ষেত্রমতে বিভিন্ন জেলার সহকারী পরিচালকদের প্রতিদিনের প্রত্যক্ষ নির্দেশনা মতে আজ সারা দেশে ৭৮টি বাজারে (পাইকারি ও খুচরা) তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক মূল্যে পণ্য বা ওষুধ বিক্রয় করা, মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বা ওষুধ বিক্রি করাসহ ভোক্তার স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় ১০৮টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানপ্রতিষ্ঠানটি আরও জানায়, ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান। সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন অধিদফতরের পরিচালক (কার্যক্রম ) শামীম আল মামুন। এছাড়া ঢাকার বাইরে ৩৭ জন কর্মকর্তা বিভাগে উপ-পরিচালক এবং জেলায় সহকারী পরিচালকদের নেতৃত্বে বাজারে অভিযান পরিচালনা করেন। এছাড়াও টিসিবির ন্যায্য মূল্যের পণ্যসেল তদারকি করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানএ প্রসঙ্গে অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা ভোক্তা স্বার্থসংরক্ষণে ভোক্তা ও ব্যবসাবান্ধব বাজার প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট সব অংশীজনকে সহযোগিতা করার আহ্বান জানান। আসন্ন ঈদকে সামনে রেখে মসলা জাতীয় পণ্যসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় করার জন্য ও ভোক্তা স্বার্থসংরক্ষণে ভোক্তা অধিকারবিরোধী কার্য করা হতে বিরত থাকতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন। এছাড়া তিনি করোনা পরিস্থিতিতে দেশের সব ভোক্তাসাধারণ ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয়-বিক্রয়ের উদাত্ত আহ্বান জানান।