মাস্টারমাইন্ড স্কুলের অভিভাবকদের আবেদন নিষ্পত্তির নির্দেশ

সুপ্রিম কোর্টকরোনার সময়ে ইংরেজি মাধ্যমে ৫০ শতাংশ টিউশন ফি মওকুফ, ছাত্র-ছাত্রীদের অনলাইন ক্লাস থেকে বঞ্চিত না করাসহ সংশ্লিষ্ট বিষয়গুলোর সমাধান চেয়ে ‘প্যারেন্টস ফোরাম অব মাস্টারমাইন্ড স্কুল’ এর করা  আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার চেয়ারম্যানকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

স্কুলটির এক অভিভাবকের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৭ আগস্ট) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাইফুজ্জামান তুহিন।   

এর আগে ১৯ জুলাই করোনাকালীন ৫০ শতাংশ টিউশন ফি মওকুফ, ছাত্র ছাত্রীদের অনলাইন ক্লাস বঞ্চিত না করাসহ নানাবিধ সমস্যার সমাধান চেয়ে ‘প্যারেন্টস ফোরাম অব মাস্টারমাইন্ড স্কুল’ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার চেয়ারম্যানের কাছে একটি আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, গত ১ জুলাই স্কুল কর্তৃপক্ষ বরাবর ৪ দফা দাবি জানানো হয়েছিল। এক. করোনাকালীন ৫০ শতাংশ ফি মওকুফ, দুই. উন্নতমানের অনলাইন ক্লাসের নিশ্চয়তা, তিন. ক্লাসগুলোর ভিডিও আপলোড করা এবং চার. যাদের বকেয়া আছে তাদের কিস্তি আকারে পরিশোধের সুযোগ এবং তাদের সন্তানদের অনলাইন ক্লাস করতে দেওয়া।

তবে বোর্ড ওই আবেদনটি নিষ্পত্তি করেনি। এ কারণে অভিভাবকদের পক্ষে মাসুদ খান নামের এক ব্যক্তি হাইকোর্টে এ রিট দায়ের করেন।