বিমানবাহিনীর একজনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের সিদ্ধান্ত স্থগিতের নির্দেশ

হাইকোর্ট

বিমানবাহিনীর ৪৭ কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ বাতিলের গেজেটের কার্যক্রম মো. শামসুল আলমের ক্ষেত্রে স্থগিত করেছেন হাইকোর্ট। শামসুল আলমের ক্ষেত্রে ওই গেজেটের কার্যক্রম স্থগিত থাকাকালে তার ভাতা চালু রাখারও নির্দেশ দিয়েছেন আদালত।
ওই ব্যক্তির দায়ের করা রিটের শুনানি নিয়ে সোমবার (২৪ আগস্ট) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
পরে ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু সাংবাদিকদের বলেন, বিমানবাহিনীর ৪৭ জন মুক্তিযোদ্ধা যারা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পরে বাহিনীতে যোগদান করে। কিন্তু গত ৭ জুন ওই ৪৭ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
এরপর গত ২৭ জুলাই এক বিজ্ঞপ্তিতে ওই সকল মুক্তিযোদ্ধাদের নতুন করে আবেদন করে মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণের আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তির পর বিমানবাহিনীর বেসামরিক কর্মচারী মো. শামসুল আলম গেজেট বাতিলের ও নতুন করে আবেদন করার বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে বলা হয়, কোনও ব্যক্তিগত শুনানি ছাড়াই গেজেট বাতিল সম্পূর্ণ বেআইনি।