সাগরে চার দিন ধরে ভাসতে থাকা জেলেদের উদ্ধার

Picনিয়ন্ত্রণ হারিয়ে বঙ্গোপসাগরে চারদিন ধরে ভেসে থাকা নৌকা থেকে ২০ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কোস্টগার্ড পূর্ব জোনের সদস্যরা তাদের উদ্ধার করে।

কোস্টগার্ডের গণমাধ্যম বিভাগের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক বাংলা ট্রিবিউনকে জানান, কুতুবদিয়া থেকে ১২ নটিক্যাল মাইল দূরে একটি মাছ ধরার নৌকার (এফভি রায়হান) রাডার ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে চার দিন ধরে সাগরে ভাসতে থাকে। কোস্টগার্ড পূর্ব জোনের জাহাজ সোনাদিয়া সেখান থেকে নৌকাসহ ২০ জেলেকে উদ্ধার করে। পরে তাদের কোস্টগার্ড কুতুবদিয়া অফিসে নিয়ে আসা হয়।

জেলেরা কোস্টগার্ডকে জানায়, গত ২৩ আগস্ট মাছ ধরার উদ্দেশে তারা কক্সবাজার থেকে সমুদ্রে গিয়েছিল। এরপর রাডার ভেঙে যাওয়ায় তারা নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে থাকে। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা জেলেদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে। উদ্ধারের পর মাছ ধরার নৌকাটি মালিকের কাছে হস্তান্তর করা হয়।