বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, ‘গাড়ি থেকে নামার পর ওই গাড়ির চাকাই তার পায়ের ওপর দিয়ে গিয়েছে। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করেছে। ঘটনার পরপরই চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।’
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আফরোজা বেগম ঢাকার কচুক্ষেত এলাকায় পরিবার নিয়ে বাস করেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর পলাশ উপজেলায়। গতকাল দুপুরে তিনি নরসিংদী থেকে বাসে করে বনানী সৈনিক ক্লাবের সামনে নামেন। বাস থেকে নামার পরপরই ওই বাসটি দ্রুত চালানো শুরু করলে বাসের চাকা আফরোজা বেগমের ডান পায়ের ওপর দিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার ক্ষতিগ্রস্ত পা’ কেটে ফেলতে হতে পারে।