শিশু জিনিয়াকে অপহরণ: লুপা তালুকদার কারাগারে

লুপা তালুকদারঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ফুল বিক্রেতা শিশু জিনিয়াকে অপহরণের ঘটনায় গ্রেফতার নূর নাজমা আক্তার লুপা তালুকদারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, শুক্রবার শাহবাগ থানার মামলায় তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের এস আই মো. শাহজাহান মিয়া দুই দিনের রিমান্ড শেষে লুপাকে আদালতে হাজির করেন। একইসঙ্গে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবী আতাহার হোসেন ফরাজী জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৮ সেপ্টেম্বর লোপার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে জিনিয়াকে উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের রমনা বিভাগ। এ সময় লুপা তালুকদারকে আটক করে পুলিশ। ওই ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়।