সাবেক অ্যাটর্নি জেনারেল কেএস নবীর দুই নাতিকে বাড়িতে ফিরিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে মধ্যরাতে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশের পর রাত দেড়টার দিকে ধানমন্ডি থানা পুলিশ ওই দুই শিশুকে তাদের বাসায় পৌঁছে দিয়েছে। একইসঙ্গে তাদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করার জন্য খোঁজ-খবর করা হচ্ছে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন মিয়া বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাতেই আমরা দুই শিশু কাজী আদিয়ান নবী ও কাজী নাহিয়ান নবীকে তাদের বাসায় তুলে দিয়েছি। দুই সন্তানের সঙ্গে তাদের মা ছিলেন। থানা পুলিশের পক্ষ থেকে তাদের নিরাপত্তার বিষয়টি সবসময় খোঁজ রাখা হবে।’
জানা গেছে, রাজধানী ধানমন্ডির একটি চারতলা বাড়ির মালিক সাবেক অ্যাটর্নি জেনারেল কেএস নবী। সম্প্রতি সাবেক অ্যাটর্নির ছোট ছেলে সিরাতুন নবী মৃত্যুবরণ করেন। এরপর থেকে তার দুই ছেলে কাজী আদিয়ান নবী ও কাজী নাহিয়ান নবীকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছিল না। শিশু দুটির বাবা-মায়ের মধ্যে বিবাহ-বিচ্ছেদ হয়েছে। বাবার মৃত্যুর পর তারা কিছুদিনের জন্য তার মায়ের কাছে থাকতে যায়। মায়ের কাছ থেকে নিজ বাসায় ফেরার চেষ্টা করলে তাদের বাসায় ঢুকতে বাধা দেয় তাদের চাচা ও সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী রেহান নবী।
ঘটনাটি নিয়ে রবিবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির একাত্তর জার্নালে একটি প্রতিবেদন প্রচারিত হয়। এ সময় একাত্তর জার্নালে শিশু দুটির সঙ্গে তাদের ফুফু, সাংবাদিক রেজওয়ানুল হক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ ভার্চুয়াল আলোচনায় যুক্ত ছিলেন। একাত্তর জার্নালের অনুষ্ঠানটি প্রচারকালে বিষয়টি নজরে আসে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের। এরপর প্রচারিত প্রতিবেদন আমলে নিয়ে তিনি মাঝরাতে হাইকোর্টের বেঞ্চ বসিয়ে শিশু দুটিকে তাদের বাসায় তুলে দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধানমন্ডি থানার ওসিকে আদেশ দেন।