ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জিকে শামীমের কাছ থেকে ঘুষ গ্রহণ করে জামিন করানোর বিষয়ে ব্যাখ্যা দিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলব আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপা।
রবিবার (১ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদন করা হয়। রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
এর আগে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঘুষ গ্রহণ করে জিকে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ লোপাটসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। গত ২৯ অক্টোবর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত নোটিশে এ তলবাদেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে ঘুষগ্রহণ করে জিকে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়াসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
সে অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য আগামী ৪ নভেম্বর সকাল ১০টায় জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি ও চাহিদা দেওয়া নথি-পত্রসসহ তাকে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যা ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট, বাংলাদেশ কক্ষ নং-২০৯ ঠিকানা বরাবর পাঠানো হয়েছে। পরে ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপা।