সওজের সাবেক প্রধান প্রকৌশলী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

মামলাতিন কোটি ৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাওয়েদ আলম ও তার স্ত্রী আনোয়রা বেগমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. নাসির উদ্দিন বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, প্রথম মামলায় মোহাম্মদ জাওয়েদ আলমকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি মোহাম্মদ জাওয়েদ আলম অসাধু উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত ৮৪ লাখ ৬৪ হাজার ৭৮০ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করেছেন। ফলে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এছাড়া অপর মামলায় আনোয়ারা বেগম ও মোহাম্মদ জাওয়েদ আলমকে আসামি করা হয়। এই মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরম্পরের যোগসাজশে অসাধু উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৬২৩ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন। তারা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ও দণ্ডবিধি’র ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।