সূত্র জানায়, শনিবার একদিনের রিমান্ড শেষে তিথি সরকারকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তিথি সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দেন ।
এর আগে ১২ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান তিথি সরকারকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে তিথি সরকারের স্বামী শিপলুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১১ নভেম্বর নরসিংদীর মাধবদীর পাঁচদোনায় স্বামীর এক দূরসম্পর্কীয় আত্মীয়র বাড়ি থেকে তিথি সরকারকে এবং তার স্বামী শিপলু মল্লিককে রাজধানীর কাপ্তানবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করে আসছিলেন তিথি সরকার। পরে ধর্ম অবমাননার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা তিথি সরকারের বহিষ্কার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন তিথি সরকারকে সাময়িক বহিষ্কার করে। এরপর তার পরিবার থেকে অভিযোগ আসে তিথি নিখোঁজ।