'Police cyber support for women' নামক ফেসবুক পেজের পাশাপাশি ই-মেইল নম্বর ও হটলাইন চালু করেছে পুলিশ সদরদফতর। যার মাধ্যমে সাইবার স্পেসে সংঘটিত নারীর প্রতি হয়রানিমূলক অপরাধসমূহের অভিযোগ গ্রহণ, প্রয়োজনীয় পরামর্শ ও আইনি সহায়তা দেওয়া হবে।
শুধু যেসব নারীরা সাইবার বুলিং, আইডি হ্যাক, স্পর্শকাতর তথ্য-ছবি-ভিডিও প্রকাশ, সাইবার স্পেসে যৌন হয়রানি ইত্যাদি অপরাধের শিকার হচ্ছেন, তারা এখানে অভিযোগ জানাতে পারবেন। সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে ভিকটিমের তথ্য গোপন রেখে প্রয়োজনীয় সেবা ও আইনি সহায়তা দেবে পুলিশ সদরফতর।
এই সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘সাইবার ক্রাইম একটি বাউন্ডারিলেজ ক্রাইম। সাধারণত দেশে ১৬ থেকে ২৪ বছরের নারীরা এই অপরাধের শিকার বেশি। সাইবার জগতের ৬৮ শতাংশ নারী সাইবার অপরাধের শিকার হন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে, সাইবার স্পেস নিরাপদ রাখতে আমাদের এই উদ্যোগ।’
বেনজির আহমেদ বলেন, ‘সাইবার জগতে অপরাধ দিন দিন বেড়েই চলছে। এখন পর্যন্ত সাইবার অ্যাক্টে ৬ হাজার ৯৯টি মামলা হয়েছে। এই অপরাধগুলো নিয়ে ডিএমপি, ডিবি, সিআইডি, পিবিআই কাজ করছে। আপনারা যারা সাইবার জগতে প্রবেশ করছেন, তাদের সাইবার জগতের ঝুঁকি বিষয়ে সচেতন হয়েই এটি ব্যবহার করা উচিত। তারপরও যদি কোনও অনাকাঙ্ক্ষিত সমস্যা তৈরি হয়, সে বিষয়ে আমরা কাজ করবো। এ ক্ষেত্রে ভিকটিমের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করেই তাকে সেবা দেওয়া হবে।’
তিনি বলেন, ‘কোনও ভিকটিম চাইলে দেশের যেকোনও প্রান্ত থেকে ৯৯৯-এ ফোন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন। আমরা চাইবো, আজকে এটি উদ্বোধন হওয়ার পর থেকে যারা চাইবেন তারা যেন আমাদের থেকে সেবা নেন। আমরা সাইবার ওয়ার্ল্ডকে নিরাপদ করতে চাই।’
ভিকটিমরা যেভাবে যোগাযোগ করবেন:
ফেসবুক পেজের নাম: Police Cyber Support for Women PCSW
ই-মেইল: cybersupport.women@police.gov.bd
হটলাইন মোবাইল নম্বর: 01320000888