পাওনা টাকা চাওয়ায় পাঁচ জনকে এসিড নিক্ষেপ

ঢামেকপাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের এসিড নিক্ষেপে সহোদরসহ পাঁচ জন দগ্ধ হয়েছেন। ফরিদপুর সদরপুর উপজেলার চড় ব্রাম্মনদী গ্রামে এই ঘটনা ঘটে। এদের মধ্যে গুরুতর দগ্ধ তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে তিন জনকে ঢামেকের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ওই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভুক্তভোগীরা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করে।
বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন−গোপাল দাস (৪০), তার ভাই বাপন দাস (২৫), চাচাতো ভাই তপন দাস (২৮)। এ ছাড়াও এই ঘটনায় প্রতিবেশী পঙ্কজ শীল ও চরণ কর্মকার স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বার্ন ইউনিটে চিকিৎসাধীন গোপালের চাচাতো ভাই কার্তিক দাস জানান, সোনার দোকানি গোপাল দাস, প্রতিবেশী রাম, লক্ষ্মণ, সুশান্তের কাছ থেকে সাড়ে ১৪ হাজার টাকা পাওনা ছিল। দীর্ঘ দিন ধরে সেই টাকা দিচ্ছিল না তারা। আর এই টাকা চাওয়াকে কেন্দ্র করে ওই রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ রাম, লক্ষ্মণ, সুশান্তসহ তাদের পরিবাবের লোকজন গোপালের ওপর হামলা চালায়। পরে গোপালের পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তারা তাদের ওপর এসিড নিক্ষেপ করে। এতে তারা দগ্ধ হয়। তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বুধবার রাতে তিন জনকে ঢাকায় রেফার করেন চিকিৎসারা। পরে তাদের নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সদরপুর থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে।