অভিজিৎ রায় হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২২ ডিসেম্বর

অভিজিৎ রায়ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছেন আদালত। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২২ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ দিন ধার্য করেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু সাক্ষী অসুস্থতার কারণে আদালতে হাজির না হওয়ায় নতুন দিন ধার্য করেন আদালত।’

২০১৯ সালের ২৮ অক্টোবর অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায়ের সাক্ষ্যগ্রহণের মধ্যে দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ নিয়ে এ মামলায় ২৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

আসামিরা হলেন—মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহা (৩৪), মো. আরাফাত রহমান (২৪), শাফিউর রহমান ফারাবী (২৯), সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া এবং আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান ওরফে হাসিবুল ওরফে আবদুল্লাহ।

২০১৯ সালের ১ আগস্ট ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান। ২০১৯ সালের ১১ এপ্রিল ঢাকা সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বিচারক মো. মজিবুর রহমান অভিযোগপত্র গ্রহণ করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়।