স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী রিমান্ডে

রিমান্ডস্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগে স্ত্রী ফাতেমা আক্তার নামে এক গৃহবধূর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঞা শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন শাহবাগ থানার মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা( জিআরও)পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, মামলার বাদীর ছোট ভাই ভুক্তভোগী সামিউল স্টিলের প্লেনসিটের দোকানে চাকরি করেন। তিনি তার বেতনের টাকা স্ত্রী ফাতেমার কাছে জমা রাখতেন। গত ৯ নভেম্বর সামিউল কেরানীগঞ্জের বাসা থেকে কাজের উদ্দেশে বের হলে আসামি ফাতেমা তাকে ফোন দিয়ে জানায়, সে বঙ্গবাজার কেনাকাটা করে পীর ইয়ামেনি মার্কেটের সামনে যাবে। সেখানে ভুক্তভোগী সামিউলকে তার জমানো টাকা দেবে। এরপর ভুক্তভোগী সামিউল সেই টাকা নেওয়ার জন্য পীর ইয়ামেনি মার্কেটের সামনে যায়। তখন আসামি তাকে বলেন, রাস্তায় বসে তো পাঁচ লাখ টাকা দেওয়া ঠিক হবে না। এরপর ভুক্তভোগী সামিউলকে আসামি ফাতেমা পীর ইয়ামেনি মার্কেটের আবাসিক হোটেলে নিয়ে যায়। এসময় ভুক্তভোগী সামিউলের চেতনানাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে। তারপর তাকে হত্যার উদ্দেশ্যে পুরুষাঙ্গ কেটে ফেলে। এরপর ফাতেমা তার অজ্ঞাত ২-৩ সহযোগীকে নিয়ে সামিউলকে সিএনজি করে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা না হওয়ায় তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানেও চিকিৎসা না হওয়ায় সর্বশেষ আল মানার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।