শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে এক কোটি ১৬ লাখ ভারতীয় রুপি পাচারের অভিযোগে রিপন হোসেনের (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৩১ জানুয়ারি) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত। আদালতের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সূত্র জানায়, এ দিন আসামি রিপনকে কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগ বলা হয়, ২০১৫ সালের ২৪ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই হতে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ল্যাগেজের মধ্যে কম্বলের ভাঁজে ভাঁজে জড়িয়ে এক কোটি ১৬ লাখ ইন্ডিয়ান রুপি নিয়ে আসে আসামি রিপন। এরপর সেই ল্যাগেজ ফেলে রেখে চলে যায় সে। পরবর্তী সময়ে বিমান কর্তৃপক্ষ বেনামি ল্যাগেজগুলো নিলামে তোলার জন্য রেডি করে। ওই সময় এক কর্মকর্তা ল্যাগেজে ভারতীয় রুপি দেখতে পান। যা বাংলাদেশি টাকায় এক কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকার সমান। এ ঘটনায় তার বিরুদ্ধে অর্থপাচার আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়। এরপর ২০১৫ সালের ২২ নভেম্বর রিপনকে গ্রেফতার করা হয়।
২০১৬ সালের ১০ মার্চ আসামি রিপনকে একমাত্র আসামি করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই নূর আলম আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ৮ জনের মধ্যে বিভিন্ন সময় ৭ জন সাক্ষ্য দেন।