রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাছলিমা বেগম রেণু নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলাটি বদলির আদেশ দিয়েছেন আদালত। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এসব তথ্য জানা গেছে। সোমবার (১ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ মামলার নথি বিচারের জন্য প্রস্তুত থাকায় বদলির আদেশ দেন।
এর আগে, গত বছরের ১০ সেপ্টেম্বর আদাললতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল হক।
মামলার আসামিরা হলেন, মো. শাহীন (৩১), মো. রাচ্চু মিয়া (২৮), মো. বাপ্পি (২১), ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লা (২০), মুরাদ মিয়া (২২), মো. সোহেল রানা (৩০), মো. বিল্লাল (২৮), মো. আসাদুল ইসলাম (২২), মো. রাজু (২৩), আবুল কালাম আজাদ (৫০), মো. কামাল হোসেন (৪০), মো. ওয়াসিম (১৪), রিয়া বেগম ময়না (২৭) ও মো. জাফর হোসেন (২০)।
উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের সন্তানের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গিয়েছিলেন তাসলিমা বেগম রেণু। ছেলেধরা সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। ওইদিন সকাল পৌনে ৯টার দিকে উত্তর বাড্ডা কাঁচাবাজারের সড়কে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নিহতের ভাগিনা সৈয়দ নাসির উদ্দিন।