হত্যা ও ডাকাতি মামলার দুই আসামি রিমান্ডে

রাজধানী খিলগাঁওয়ে হত্যা ও ডাকাতি মামলায় অস্ত্রসহ গ্রেফতার হওয়া দুই আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ওই দুই আসামী হলো সুমন (৩৩) ও নিজু হোসেন (২৪)।

বুধবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত রিমান্ডের এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এই তথ্য জানা গেছে।

এই দিন মামলার তদন্তকারী কর্মকর্তা দুই আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে রাজধানীর খিলগাঁও লিংক রোড এলাকা থেকে দুটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড অ্যামুনেশনসহ তাদের গ্রেফতার করে। জানা যায়, তারা পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল।