যাত্রাবাড়ীতে রাজিব হত্যা মামলার দুই আসামিসহ গ্রেফতার ৩

রাজধানীর যাত্রাবাড়ীতে রাজিব খান হত্যা মামলার অন্যতম দুই আসামিসহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সায়েদাবাদ বাস টার্মিনাল মাজার গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন ইজার আলী (৪০), মোস্তাকুল (৩৫) ও অলিউল্লা ওরফে পোকা (২৮)। এ সময় তাদের কাছ থেকে ৩টি সুইচ গিয়ার চাকু, ১২টি মোবাইল ফোন ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে গত ১ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে রাজিবকে চাকু দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান আসামিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় রাজিব মারা যান।

জানা যায়, ইজারের কাছ থেকে রাজিব ২০ হাজার টাকা ধার নেন। কয়েক কিস্তিতে তিনি সেই টাকা ফেরতও দেন। কিন্তু বিভিন্ন সময়ে টাকা দাবি করে আসছিলেন ইজার। এ নিয়ে ইজারের সঙ্গে তার ঝামেলা হয়। ওই ঘটনার জেরেই তার ওপর হামলা করা হয়। এ ঘটনায় গত ২ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

/আরটি/আইএ/