রিয়েল এস্টেট ব্যবসার নামে প্রতারণা, গ্রেফতার ৬

রিয়েল এস্টেট ব্যবসার নামে এমএলএম ব্যবসা পরিচালনা করে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। এ চক্রটি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। গতকাল সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিআইডির মালিবাগ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

গ্রেফতারকৃতরা হলো, আশিক ঘোষ অসিত (৪২), কাজী নরুল ইসলাম (৪৮), শাহনেওয়াজ শামীম (৪৩), জহিরুল হক (৪০), মীর নুরুল ইসলাম (৫৩), মামুন মিয়া (৩৫)। উদ্ধার করা হয়, মানি রিসিপ্ট, গ্রাহকদের নাম, কিস্তিও লভ্যাংশের বিভিন্ন কাগজপত্র।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সেবা আইডিয়াস অ্যান্ড লিভিং লিমিটেড নামে ২০১৬ সাল থেকে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারণা করে আসছিল একটি চক্র। সিলসিটি নামে একটি ভুয়া জমির প্রজেক্ট দেখিয়ে টাকা ইনভেস্ট করার জন্য জনসাধারণকে প্রভাবিত করতো। এখানে জমি পাশাপাশি টাকা বিনিয়োগ করলে বছরে দ্বিগুণ হয়ে যাবে বলে প্রলোভন দেখাতো। ২৪ মাসে টাকা দ্বিগুণের প্রলোভন দেখিয়ে জনসাধারণের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে আসছিল তারা।

শেখ ওমর ফারুক বলেন, এ চক্রটি লোকজনদের টাকা ইনভেস্টের প্রলোভন দেখিয়ে, বিভিন্ন লোকজনদের কমিশন দিয়ে, টাকা সংগ্রহ করাতো তারা। এই চক্রটি ২ হাজার ২০০ জনের কাছ থেকে প্রায় ৫৭ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই, রিয়েল এস্টেট ব্যবসার নামে প্রচারণার জন্য তো ভুয়া এ প্রতিষ্ঠানটি। এমএলএম ব্যবসার মাধ্যমে প্রতারণা করে আসছিল তারা। যারা সদস্য হতো, তাদেরকে প্রলোভন দেখিয়ে কমিশন দিয়ে সদস্য সংগ্রহ করতো গ্রেফতারকৃতরা।