নূর হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৪ মার্চ

নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন এবং তার স্ত্রী রোমা হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক হোসনে আরা এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এ দিন দুদকের উপপরিচালক জুলফিকার আলীর জেরা ও সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল, কিন্তু আদালতে কেউ উপস্থিত হতে না পারায় আদালত জেরা ও পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন ধার্য করেন।

২০১৬ সালের ১ আগস্ট মিথ্যা তথ্য দাখিল, অবৈধ সম্পদ অর্জন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর রমনা থানায় দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলী বাদী হয়ে নূর হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করেন।

মামলায় নূর হোসেনের সম্পদের বিবরণীতে দুই কোটি ৪০ লাখ চার হাজার ১৭২ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দাখিলের অভিযোগ আনা হয়। এছাড়া তার বিরুদ্ধে দুই কোটি ৭৬ লাখ ১১ হাজার ৮১৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন ও ভোগ দখলের অভিযোগ আনা হয়। নূর হোসেনের স্ত্রী রোমা হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্রে পাঁচ কোটি ৪৩ লাখ ২২ হাজার ১১৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

২০১৯ সালের ৮ জুলাই তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. শফি উল্লাহ। গত বছর ১৮ মার্চ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত বিচার শুরু করার আদেশ দেন।