টাকা দাবি করায় সজীবকে পাঁচ টুকরা করে প্রেমিকা

রাজধানীর টিকাটুলিতে সজীব হোসেন নামে এক যুবককে পাঁচ টুকরা করে হত্যার ঘটনায় অভিযুক্ত নারী দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা আদালতে হাজির করলে আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে সম্মতি জানালে তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এজাহার সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে অভিযুক্ত ওই নারীর সঙ্গে নিহত সজীবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তাদের মধ্যে মতবিরোধের কারণে টিকাটুলির কে এম দাস লেনের একটি বাসায় সজীবকে ডেকে নিয়ে ওই নারী ছুরিকাঘাতে হত্যা করে।

জানা যায়, তিন দিন আগে ওই নারীর স্বামী ওয়ারী থানায় স্ত্রী নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন। পরে বিভিন্ন তথ্যের ভিত্তিতে টিকাটুলির ওই বাসা থেকে সজীবের মরদেহসহ ওই নারীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি ওই নারীর স্বামীকে জানিয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় টাকা দাবি করে আসছিল সজীব। সম্প্রতি বিপুল পরিমাণ টাকা দাবি করায় কৌশলে নিখোঁজের নাটক সাজিয়ে বাসায় ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয় সজীবকে‌। ছুরিকাঘাতে হত্যার পর লাশ পাঁচ টুকরা করে ওই নারী।

সজীব হাসান রাজধানীর সায়েদাবাদে শ্যামলী বাসের একটি কাউন্টারে কাজ করতেন। এছাড়া তিনি ওই নারীর বুটিকসের ব্যবসায়ও সহযোগিতা করে আসছিলেন। সজীবের গ্রামের বাড়ি ঝিনাইদহে।