বুড়িগঙ্গা নদীতে লঞ্চে অভিযান চালিয়ে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের দায়ে ৯৬ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে ওই অভিযানে র্যাব-১০ এর অভিযানে জব্দ করা হয় বিলাসবহুল লঞ্চটি।
ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন পানগাঁও গোদারাঘাট এলাকায় সদরঘাট হতে চাঁদপুরগামী এমভি রয়েল ক্রুজ-২ নামে বিলাসবহুল লঞ্চটিতে অভিযান চালানো হয়। এই সময় মাদক বিক্রয় ও জুয়া খেলা এবং অসামাজিক কার্যকলাপের দায়ে ৪৯ জন নারীসহ মোট ৯৬ জনকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এই অভিযান পরিচালনা করে। র্যাবের কয়েকজন সদস্য সাধারণ যাত্রী সেজে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে এম ভি রয়েল ক্রুজ-২ লঞ্চে অবস্থান নেয়। লঞ্চ ছাড়ার পরে লঞ্চে মাদকদ্রব্যের ব্যবহার, জুয়ার আসর ও অসামাজিক কার্যকলাপের বিষয়টি নিশ্চিত হলে তারা লঞ্চটি থামাতে চেষ্টা করে। লঞ্চের ক্রুরা অসহযোগী মনোভাব প্রকাশ করলে অভিযানের অন্য সদস্যরা দুটি ট্রলারে করে পানগাঁও গোদারাঘাট এলাকায় লঞ্চটিকে আটকাতে সমর্থ হয়।