কোস্টগার্ড প্রতিষ্ঠার পর থেকে বাহিনীর প্রতিটি সদস্য আন্তরিক ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তারা সমুদ্রের অভিভাবক। কোস্টগার্ড সত্যিকার অর্থেই একদিন ‘গার্ডিয়ান অব সি’ হয়ে উঠবে, বলে মবন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
সীমান্ত দিয়ে মাদক পাচারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছু ক্ষেত্রে আমাদের বিজিবির ডগ স্কয়ার্ড কাজ করছে। কোস্টগার্ড উপকূল অঞ্চলে কাজ করে। তাদের জলযান রয়েছে, সেগুলো দিয়ে তারা কাজ করছে। সীমাস্তে সড়ক নির্মাণ কাজ চলছে। এসব পদক্ষেপের কারণে মাদক চোরাচালন ধীরে ধীরে কমে আসছে।’
অনুষ্ঠানে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক বলেন, ‘প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুযোগ্য ও যুগপোযোগী দিক নির্দেশনার ফলে এই বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ কোস্টগার্ড এর সদস্যগণ দেশ প্রেমের চেতনা সমুন্নত রেখে তাদের অটুট মনবল, নিরলস কর্মস্পৃহা ও কঠোর প্ররিশ্রমের মাধ্যমে সরকার কর্তৃক ঘোষিত রূপকল্প ২০৩০ ও ২০৪১ বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থাকবে মর্মে অঙ্গিকার ব্যক্ত করছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং আমন্ত্রিত সামরিক ও বেসামরিক অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ড এর বিভিন্ন স্তরের কর্মকর্তা, নাবিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের বীরত্বপূর্ণ ও সাহসী কার্যক্রমের জন্য পদক বিতরণ করেন।