ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন ৫ এপ্রিল জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা না দেওয়ায় বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়, ‘নুরুল হক নুর গত বছরের ১২ অক্টোবর দুপুর আড়াইটার দিকে তার ফেসবুক আইডি থেকে যে ভিডিও প্রকাশ করেন, সেখানে তিনি বাদী সম্পর্কে যেভাবে কথা বলেছেন, তা অপমানজনক, মানহানিকর এবং আক্রমণাত্মক।
আসামি ছাত্র অধিকার পরিষদ নামের একটি সংগঠনের নেতা। তার এমন উসকানিমূলক বক্তব্য আক্রমণাত্মক, বিরক্তিকর, অপমানমূলক, অপদস্ত ও সমাজে হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে প্রকাশ ও প্রকাশ করে বাদীকে ও তার পরিবার ও সমাজের সঙ্গে শত্রুতা ও ঘৃণা সৃষ্টি করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটায়। যা ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ।’
উল্লেখ্য,গত বছরের ১৪ অক্টোবর সুনাম নষ্ট ও মানহানির অভিযোগ করে ঢাবির এক ছাত্রী বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। এর আগে ওই ছাত্রী গত বছরের ২০ ও ২১ সেপ্টেম্বর নুরসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগ এনে কোতোয়ালি ও লালবাগ থানায় আরও দুটি মামলা করেন।