সাবেক এমপি আউয়ালের জামিন বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য  একেএমএ আউয়ালকে বিচারিক আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দীন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক আলী আকবর বাদী হয়ে আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন। আউয়ালের বিরুদ্ধে ৩৩ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৭৫৫ টাকা এবং তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে ১০ কোটি ৯৮ লাখ ৯০ হাজার ৫০ টাকা অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি উল্লেখ করে মামলা দু’টি করা হয়।

প্রথম মামলার অভিযোগে বলা হয়, সাবেক এমপি আউয়াল অবৈধভাবে ৩৩ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৭৫৫ টাকার সম্পদের মালিক হয়েছেন। তবে তিনি দুদকে দাখিল করা সম্পদের বিবরণীতে ১৫ কোটি ৭২ লাখ ৪৮ হাজার ৪৩ টাকার সম্পদের তথ্য গোপন করেন।

দ্বিতীয় মামলার অভিযোগে বলা হয়, আউয়ালের স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে ১০ কোটি ৯৮ লাখ ৯০ হাজার ৫০ টাকার অবৈধ সম্পদের মালিকানার তথ্য রয়েছে। পরে এক মামলায় আউয়ালকে বিচারিক আদালত জামিন দেন। ওই জামিনাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানায় দুদক।

প্রসঙ্গত,একেএমএ আউয়াল ২০০৮ ও ২০১৪ সালে পরপর দুই বার পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের  মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।