শিশু রাকিব হত্যা: দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল

খুলনায় পায়ুপথে বাতাস প্রবেশ করিয়ে শিশু রাকিব হাওলাদারকে (১২) হত্যার অভিযোগে দুই আসামিকে হাইকোর্টের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আসামিদের আপিল খারিজ করে সোমবার (২২ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। এর আগে, ২০১৫ সালের ৮ নভেম্বর শিশু রাকিব (১২) হত্যার দায়ে প্রধান আসামি মো. শরীফ ও তার সহযোগী মিন্টুকে ফাঁসির আদেশ দেন আদালত।

খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা এ রায় ঘোষণা করেন। এ মামলায় অভিযুক্ত অপর আসামি শরীফের মা বিউটি বেগমকে খালাস দেন আদালত।

পরে, ২০১৭ সালের ৪ এপ্রিল খুলনার আলোচিত শিশু রাকিব হত্যা মামলায় প্রধান আসামি মো. শরীফ ও তার সহযোগী মিন্টুর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন হাইকোর্ট। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানায় আসামিরা।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ আগস্ট বিকালে খুলনার টুটপাড়ায় শরীফ মোটরস নামে এক মোটরসাইকেলের গ্যারেজে পায়ুপথে বাতাস প্রবেশ করিয়ে শিশু রাকিবকে হত্যা করা হয়। পরের দিন রাকিবের বাবা মো. নুরুল আলম বাদী হয়ে শরীফ, শরীফের সহযোগী মিন্টু খান ও মা বিউটি বেগমের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন।