‌ফেসবু‌কে অভিযোগ, সাবেক স্বামী গ্রেফতার

পুলিশের ফেসবুক পেজে এক নারীর অভিযোগের ভিত্তিতে তার সাবেক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ ফেব্রুয়ারি এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজের ইনবক্সে জানান, এক ভদ্রমহিলাকে তার প্রাক্তন স্বামী আতিকুল ইসলাম বাবু নানাভাবে হয়রানি করছে। বিভিন্ন সময় তাকে নানাভাবে হুমকি দিয়ে তার স্বাভাবিক জীবনযাপনকে বাধাগ্রস্ত করছেন। ওই নারী অত্যন্ত শঙ্কিত ও বিপর্যস্ত জীবন যাপন করছেন। এরপর ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ভদ্রমহিলাকে অত্যন্ত অশ্লীল গালাগাল, হুমকি ও হয়রানির প্রমাণস্বরূপ একটি অডিও টেপ তথ্যদাতা উক্ত ভদ্রলোক মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং-এ প্রেরণ করেন।

মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং উক্ত ভদ্র মহিলার সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, প্রশাসন ও সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ রয়েছে এমন ভয় দেখিয়ে তার প্রাক্তন স্বামী দীর্ঘদিন তাকে হয়রানি করে আসছিল। তিনি পুলিশের পরামর্শ ও সহায়তা চান।

এর পরিপ্রেক্ষিতে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং ওসি রমনাকে এ বিষয়ে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করে। ওসি রমনা মো. মনিরুল ইসলাম তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নিয়ে অভিযুক্তকে আইনের আওতায় আনতে উদ্যোগ নেন। পরবর্তীতে প্রযুক্তি সেবার প্রয়োজন হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সহায়তা নেওয়া হয়। এডিসি মো. আশরাফুল্লাহর নেতৃত্বে ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশনের একটি টিমের সা‌র্বিক সহ‌যো‌গিতায় ওই আসামিকে ২১ ফেব্রুয়ারি রমনা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি আতিকুল ইসলাম বাবু একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তিনি দীর্ঘদিন বিদেশে অবস্থান করে সম্প্রতি দেশে ফিরেছেন।