রাজধানীর বনানী থেকে বিপুল সংখ্যক জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৩। তারা বিদেশফেরত ব্যক্তিদের টার্গেট করে মুদ্রা বিনিময় করে জাল নোট দিয়ে দিতো। মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যায় র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
সহকারী পুলিশ সুপার বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ মার্চ রাতে ঢাকা মহানগরীর বনানী থেকে ৩০ হাজার টাকার জাল নোটসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে জাল নোটের অবৈধ ব্যবসা করে আসছিল।’
গ্রেফতার দুজন হলো মো. আবুল বাশার ওরফে নিরব (৪৩) ও আব্দুল করিম (৪০)। তাদের কাছ থেকে ৩০টি বাংলাদেশি ১০০০ টাকার জাল নোট, একটি মোবাইল ফোন এবং ৪টি সিমকার্ড উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন জানায়, তারা সংঘবদ্ধ জাল মুদ্রা কারবারী, চোরাকারবারী ও প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘ দিন ধরে পরস্পর যোগসাজশে প্রবাস হতে আসা বাংলাদেশি নিরীহ ও সহজ-সরল লোকের কাছ থেকে মুদ্রা ভাঙানোর নাম করে কৌশলে বৈদেশিক মুদ্রা গ্রহণ করে জাল টাকা প্রদানের মাধ্যমে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।