চট্টগ্রামের রাউজানে অবৈধভাবে পরিচালিত ১৮টি ইটভাটা বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে এসব অবৈধ ইটভাটা বন্ধে আর কোনও বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা।
রবিবার (১৪ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে ইটভাটার মালিকদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। আর রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
এর আগে চট্টগ্রামের সব অবৈধ ইটভাটা বন্ধে ১৪ কার্যদিবস সময় বেঁধে দিয়ে আদেশ দেন হাইকোর্ট। চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়।
হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করে চট্টগ্রামের রাউজান থানার ১৮টি ইটভাটার মালিক। তাদের আবেদনের শুনানি নিয়ে চেম্বার জজ আদালত আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। আপিল বিভাগ শুনানি নিয়ে সেই আবেদনটি খারিজ করে দিলেন।
পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত। চট্টগ্রামে যে ৭১টি অবৈধ ইটভাটাকে এরইমধ্যে জরিমানা করা হয়েছে, সেগুলোসহ সব অবৈধ ইটভাটা বন্ধ করে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সেখানকার পরিবেশ অধিদফতরকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। তবে সেই আদেশ পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় আদালত অবমাননার অভিযোগ করেন রিটকারী। আদালত সেই আবেদনের শুনানি নিয়ে শেষবারের মতো ১৪ দিন সময় দিয়ে ইটভাটা বন্ধের আদেশ দেন।
পরে ওই আদেশ স্থগিত চেয়ে রাউজান থানার ১৮টি ইট ভাটার মালিক আপিল বিভাগে আবেদন জানান। আপিল বিভাগ শুনানি শেষে সেই আবেদন খারিজ করে দিলেন।