বারবার আবেদন জানানো সত্ত্বেও ময়নাতদন্তের প্রতিবেদন না দেওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধানকে তলব করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ মামলার তদন্ত কর্মকর্তাকে ওইদিন হাজির থাকতে বলেছেন আদালত। আগামী ১ এপ্রিল তাদেরকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
একটি হত্যা মামলার আসামি হাবিবুর রহমানের জামিন আবেদনের শুনানিকালে মঙ্গলবার (১৬ মার্চ) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামির পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আরাফাত কাউসার। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
এর আগে ২০১৯ সালের ৭ নভেম্বর আল আমীনকে নৃসংশভাবে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের বড়ভাই বাদী হয়ে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আল আমীনের ময়নাতদন্ত করা হয়। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি।
এদিকে মামলার আসামি হাবিবুর রহমান হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। সেই জামিন আবেদনের ওপর শুনানিকালে গত দেড় বছরেও মামলার তদন্ত সম্পন্ন না হওয়ায় তদন্ত কর্মকর্তাকে তলব করেন আদালত। এই নির্দেশের পর তদন্ত কর্মকর্তা মঙ্গলবার (১৬ মার্চ) হাইকোর্টে হাজির হন।
তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, ময়নাতদন্ত প্রতিবেদন চেয়ে ডিএমসিএইচের ফরেনসিক বিভাগে তিন বার আবেদন করা হয়েছে। কিন্তু প্রতিবেদন না পেয়ে গত ২৪ জানুয়ারি গাজীপুরের মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করা হয়। তবে এরপরও ওই প্রতিবেদন পাওয়া যায়নি।