রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিআইডির এক কর্মকর্তার ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। হামলার শিকার ওই কর্মকর্তার নাম গাজী মিজানুর রহমান (৫০)। তিনি নারায়ণগঞ্জ জেলা সিআইডি কার্যালয়ে পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। এ ঘটনায় ওই কর্মকর্তার বাসার কেয়ারটেকার গোলাম মোস্তফাও আহত হয়েছেন। রবিবার (২১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটেছে।
মিজানুর রহমান ও মোস্তফাকে আহত আবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা সিআইডি কর্মকর্তার সরকারি অস্ত্র ও ব্যবহৃত মোটরসাইকেলটিও নিয়ে গেছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা হাসপাতালে লোক পাঠিয়েছি আহত পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলতে। এছাড়া ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে।
সিআইডি কর্মকর্তার বাসার কেয়ারটেকার গোলাম মোস্তফা জানান, বছিলায় তার মালিকের চার কাঠার একটি প্লট রয়েছে। সেখানে একটি কক্ষ রয়েছে। আরও একটি কক্ষ তৈরির কাজ চলছিল। তিনি এসব দেখাশোনা করেন। রবিবার দুপুরে সিআইডি কর্মকর্তা গাজী মিজানুর রহমান তার বাসার নির্মাণ কাজ দেখতে যান। এসময় পাশের আমিন-মোমিন হাউজিং কোম্পানির সন্ত্রাসী শাহ আলম, জামিলসহ ৭/৮ জন পুলিশ কর্মকর্তা মিজানুরের ওপর হামলা করে। সন্ত্রাসীরা লাঠিসোটা ও রড দিয়ে তাকে পেটাতে থাকে। মোস্তফা ঠেকাতে গেলে তিনিও আহত হন। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় শ্রমিকদের মজুরির জন্য রাখা প্রায় ২৫ হাজার টাকা নিয়ে যায় বলে জানান মোস্তফা।