মশিউর (৩২) ও মাকসুদা (২৭), দু’জন সম্পর্কে স্বামী-স্ত্রী। দিনাজপুরের গ্রামীণ পথে মাইক্রোবাস ভাড়া করে ঘুরে বেড়ান তারা। গ্রামের পর গ্রাম ঘোরেন। কখনোবা গাড়ি থামিয়ে গ্রামীণ পথে হাঁটেন। হাঁটার ফাঁকেই পথে বা বাড়ির সামনে বাঁধা ছাগল কোলে করে মাইক্রোবাসে তুলে নিয়ে হন চম্পট।
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে দিনাজপুরের কোতোয়ালি থানা পুলিশ এমনই এক দম্পতিকে তাদের দুই সহযোগীসহ গ্রেফতার করেছে। কোতোয়ালি থানার এ এস আই মাইদুল বিষয়টি নিশ্চিত করেছেন।
পরে কোতোয়ালি থানার এ এস আই মাইদুল জানান, তারা এলাকাবাসীর সহযোগিতায় ধাওয়া করে একটি সাদা মাইক্রোবাস জব্দ করেছেন। মাইক্রোবাস থেকে দুইটি ছাগল উদ্ধার এবং চুরির অভিযোগে মশিউর, তার স্ত্রী মাকসুদা এবং তাদের দুই সহযোগী সাজু মিয়া (৩০) ও মিলনকে (৩২) গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।