গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি পেছালো। পরবর্তী অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৩ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (২৯ মার্চ) মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম অভিযোগ নতুন এই দিন ধার্য করেন।
এর আগে গত ৮ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। গত ২৬ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মালেক অভিযোগপত্র দাখিল করেন।
প্রসঙ্গত, গত ২০ নভেম্বর গভীর রাতে রাজধানীর বাড্ডায় মনিরের বাড়ি ঘিরে রাখে র্যাব। ২১ নভেম্বর দুপুর পর্যন্ত টানা আট ঘণ্টা অভিযান চালিয়ে ওই বাসা থেকে ৬০০ ভরি সোনার গহনা, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০টি দেশের বিপুল পরিমাণ মুদ্রা ও নগদ এক কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, ঢাকা ও আশপাশের এলাকায় দুই শতাধিক প্লট ও ফ্ল্যাটের মালিক গোল্ডেন মনির। রাজউকের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে জালিয়াতির মাধ্যমে অসংখ্য প্লট হাতিয়ে নেন তিনি। প্রাথমিকভাবে ৩০টি প্লট ও ফ্ল্যাটের কথা স্বীকার করেছে মনির। জব্দ করা হয় দুটি বিলাসবহুল গাড়ি। প্রতিটি গাড়ির দাম প্রায় ৩ কোটি টাকা। পরে তার বিরুদ্ধে বাড্ডা থানায় তিনটি মামলা দায়ের করে র্যাব।
অস্ত্র, বিশেষ ক্ষমতা এবং মাদক আইনের পৃথক তিন মামলায় ২৭ দিনের রিমান্ড শেষে গত ১০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।