অ্যাপে যোগাযোগ করে ডাকাতি!

রাজধানীর খিলগাঁও ও শাহাজানপুর এলাকা থেকে তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (৩১ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- রুবেল ফরাজী ওরফে রিফাত হাওলাদার (২৮), সোহাগ শেখ ওরফে রুবেল ও মো. সোহেল (২৪)।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।

তিনি বলেন, ডাকাতির আগে এবং পরে এ চক্রের সদস্যরা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করতো। তারা গত ৪ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ এক প্রবাসীর বাড়িতে জানালার গ্রিল কেটে ডাকাতি করে। এ সময় ওই বাড়ি থেকে নগদ ১১ লাখ টাকা, ৩০০ ইউএস ডলার ও ৩৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় গত ৫ এপ্রিল কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগী।

এই চক্রের বিরুদ্ধে খুলনা রংপুরসহ বিভিন্ন এলাকায় ৭টি মামলা আছে। এছাড়া চক্রটির সদস্য মো. সোহেল মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।