রাজধানী দক্ষিণখানে আব্দুর রশিদ নামে এক জনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রিমান্ড শেষে শনিবার (৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এর আদালতে জাপানি হান্নানকে হাজির করেন তদন্তকারী কর্মকর্তা। এরপর আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামির আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৫ মার্চ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৪ মার্চ দক্ষিণখানে জাপানি হান্নানের বাসার সামনে আব্দুর রশিদ গুলিতে আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। দক্ষিণখান আইনুশবাগ এলাকায় আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানের বাসার সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনার পর উত্তেজিত জনতা হান্নানের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার দিন রাতেই ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে জাপানি হান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর ঘটনাস্থল থেকে জাপানি হান্নানসহ তার ৮ সহযোগীকে গ্রেফতার করে পুলিশ।