করোনার ভয়ঙ্কর সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি পালন করে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে জরুরি দলিল নিবন্ধন করতে নির্দেশনা দিয়েছে নিবন্ধন অধিদফতর। মঙ্গলবার (৬ এপ্রিল) নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ সরকারের মন্ত্রপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা কর্তৃক গত ৪ এপ্রিল ইস্যুকৃত স্বারক অনুযায়ী স্বাস্থ্যবিধি পালন করে সামাজিক/শারীরিক দূরত্ব বজায় রেখে জরুরি দলিল নিবন্ধন করার জন্য সংশ্লিষ্ট সাব-রেজিস্টারগণকে বলা হলো।’
উক্ত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়া যেতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রসঙ্গত, করোনার সংক্রমণ প্রতিরোধে গত ৫ এপ্রিল থেকে সারাদেশে জনসাধারণের চলাচলের ওপর এক সপ্তাহের নিষেধাজ্ঞা ঘোষণা করে সরকার। গত ৪ এপ্রিল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ।