নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের জামিন স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে করা আবেদনের ওপর আগামী ১৯ এপ্রিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করেছেন চেম্বার আদালত। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর ভার্চুয়াল চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
আদালতে ইরফান সেলিমের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাইদ আহমেদ রাজা।
এর আগে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধর ও হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে জামিন দেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছিলেন আইনজীবীরা। তার জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত ১৮ মার্চ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
পরে সে রায় বাতিল চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। এরপর হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে হাইকোর্টের দেওয়া জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করেন চেম্বার আদালত। তবে সে স্থগিতাদেশ প্রত্যাহারে চেম্বার আদালতে পুনরায় আবেদন জানান ইরফান সেলিম। কিন্তু আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে প্রেরণ করেন চেম্বার আদালত।
প্রসঙ্গত, বাংলাদেশ নৌবাহিনীর এক কর্মকর্তাকে হত্যাচেষ্টার মামলায় ইরফান সেলিমকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের সেই রুলের জবাব দিতে বলা হয়েছিল। গত ২৭ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ রুল জারি করেন।
পরে তার আইনজীবীরা জানান, ২০২০ সালের ২৬ অক্টোবর নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় ইরফান সেলিমসহ চার জনের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় ‘মারধর ও হত্যাচেষ্টা’ মামলা করা হয়। এ মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন ইরফান সেলিম। ওই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেছিলেন।