ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে হেফাজত নেতা মাওলানা আজিজুল হক মোল্লাকে (৩২) কারাগারে পাঠিয়েছেন আদালত।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
সোমবার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে রমনা থানার এ মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করেন। একইসঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মাওলানা আজিজুল হক মোল্লাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৮ এপ্রিল আজিজুল হক মোল্লার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, ‘আজিজুল হক মোল্লা নামে একটি ফেসবুক আইডি থেকে আইন-শৃঙ্খলার অবনতি ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে সরকারবিরোধী বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া হয়। আগের রেকর্ড করা ভিডিও বিশেষ উপায়ে লাইভ হিসেবে প্রচার করে। বর্তমান হেফাজতে ইসলামের সমর্থক গোষ্ঠী চলমান উগ্রতাকে উসকে দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টিসহ আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে। এ ঘটনায় ‘আজিজুল হক মোল্লার বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।’