রাজধানীর উত্তরখানে কাচুকুড়ার আক্তারটেকে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির ওপর স্থানীয় কয়েকজন মাদকসেবী হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) মাগরিবের নামাজ শেষে বাসায় ফেরার পথে এই হামলার শিকার হন তিনি।
হামলার শিকার সাইফুল ইসলামের ছেলে নুরুল আমিন হাসান আজকের পত্রিকা উত্তরা বিমানবন্দরের প্রতিবেদক হিসেবে কর্মরত।
নুরুল আমিন হাসান বলেন, রাজধানীর উত্তরার উত্তরখানের আক্তার টেক মসজিদ থেকে নামাজ শেষে বাসায় ফেরার পথে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসাইন ও সায়েদ আলী আমার বাবার সাইফুল ইসলামের গতিরোধ করে। এ সময় সাইফুল ইসলাম তাদের সঙ্গে তর্কে-বিতর্কে জড়িয়ে যায়। একপর্যায়ে লাঠিসোটা দিয়ে তারা আমার বাবার ওপর হামলা চালায়। খবর পেয়ে আমি আমার বাবাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তবে কী কারণে তারা আমার বাবার ওপর হামলা চালিয়েছে এর কারণ আমার জানা নেই।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মজিদ বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য অভিযান পরিচালিত হচ্ছে।