নাশকতা ও সহিংসতার ঘটনায় রাজধানী পল্টন থানায় দায়ের করা মামলায় হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।
এ দিন ২০১৩ সালের পল্টন থানার দায়ের করা মামলায় আসামি খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা। এরপর এ বছরের পল্টন থানার আরেক মামলায় তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে মানিকগঞ্জের সিংগাইরের গ্রামের বাড়ি থেকে খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে আটক করে র্যাব-১ এর একটি দল। সম্প্রতি পল্টন থানায় নাশকতা ও সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজত নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।