করোনাকালে হাইকোর্টের বেঞ্চ পুনর্গঠন

করোনার ঊর্ধ্বমুখী প্রভাবে চলমান লকডাউনের মাঝে সাতটি ভার্চুয়াল বেঞ্চে বিচারকার্য পরিচালিত হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাতটি দ্বৈত বেঞ্চে দায়িত্বরতরা হলেন— বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াত, বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামান, বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এএসএম আব্দুল মোবিন এবং বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।

প্রসঙ্গত, চলমান লকডাউনের মাঝে সীমিত পরিসরে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে বিচারপ্রার্থী ও আইনজীবীদের আর্থিক সংকটের কথা ভেবে ভার্চুয়াল আদালত সংখ্যা বাড়াতে বারবার আবেদন জানিয়ে আসছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ও এর সদস্যরা।