প্রতারণার অভিযোগে রাজধানী থেকে গ্রেফতার হওয়া আবাহনীর ফুটবল খেলোয়াড় হিসেবে পরিচয়দানকারী ঘানার নাগরিক মরো মহাম্মদের জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে।
বুধবার (১৯ মে) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা দায়ের করা হয়। শুনানি শেষে আবেদনটির ওপর আগামী ২৪ মে আদেশের দিন নির্ধারণ করা হয়।
আদালতে জামিন আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন জয়নুল আবেদীন ও নজরুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাইনুল হাসান।
শুনানিকালে জামিন আবেদনকারীর আইনজীবীরা আদালতকে জানান, এই খেলোয়াড় আবাহনী লিমিটেডের হয়ে ঢাকার মাঠে ফুটবল খেলেছে। ভুল তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সে কোনও প্রতারণার সঙ্গে জড়িত নয়।
এসময় জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাইনুল হাসান আদালতকে বলেন, নাইজেরিয়া ও ঘানার নাগরিকরা বাংলাদেশে নানা ধরণের অপকর্মের সঙ্গে জড়িত। প্রায়শই তাদের আটক করা হয়। এই ব্যক্তি প্রকৃতপক্ষে নির্দোষ কিনা তা যাচাই করেই আদেশ দেওয়া প্রয়োজন। এ অবস্থায় আদালত জামিনের বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করেন।
এর আগে প্রতারণার অভিযোগে ২০২০ সালের ২৬ আগস্ট রাজধানী থেকে নাইজেরিয়া ও ঘানার চার নাগরিক মরো মহাম্মদ, মরিসন, সিমস ও অ্যান্থনিকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলায় তদন্ত করছে সিআইডি। গ্রেফতারকৃতরা নিজেদের ফুটবল খেলোয়াড় হিসেবে পরিচয় দেয়। এদের মধ্যে ঘানার নাগরিক মরো মহাম্মদের জামিনের জন্য হাইকোর্টে আবেদন করে।