মৌসুমি-ওমর সানি পুত্রের সিসা বারে অভিযান, ৩ জন রিমান্ডে কারাগারে ৮

রাজধানীর গুলশানে মৌসুমি-ওমর সানি পুত্রের সিসা বারে অভিযান চালিয়ে গ্রেফতার করা ১১ জনের মধ্যে তিন জনকে একদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। অপর আট জনকে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বুধবার (১৯ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালত এই আদেশ দেন। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

রিমান্ডের আসামিরা হলেন রিজওয়ান রোজারিও, হৃদয় ও নাসির উদ্দিন। অন্যদিকে কারাগারে যাওয়া আসামিরা হলেন, দীন ইসলাম, সৌরভ কস্তা, ওমর ফারুক, মো. মাসুম, ইলিয়াস, জুলহাস, বিজয় ও শিমুল কস্তা।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করেন। এরপর তিন আসামির পাঁচ দিনের রিমান্ড এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ৮ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তিন জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন এবং বাকি ৮ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গুলশান অ্যাভিনিউয়ের আরএম সেন্টারের তৃতীয় তলায় ‘মন্টানা লাউঞ্জ’ নামে এই সিসা বারটি চালানো হতো। দেশীয় আইনে সিসা অবৈধ মাদক হিসেবে চিহ্নিত। তাই বারটির সবাইকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘বারটি মৌসুমি পুত্র স্বাধীনের। পুলিশ পরবর্তীতে জানতে পেরেছে। তবে মাদকের বিষয়ে কারও সঙ্গে আপস নেই। তাই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

গুলশান থানার ওসি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বারে অভিযান চালানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নম্বর ২০।

তবে মামলায় মৌসুমির পুত্র স্বাধীনকে আসামি করা হয়নি। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছে পুলিশ। বার থেকে ছয় প্যাকেট দামি সিসা, ১৭টি সিসাস্ট্যান্ড ও ২৫টি পাইপ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, মৌসুমি ও ওমর সানি দম্পতি দেশের বিভিন্ন জায়গায় মাদকবিরোধী ক্যাম্পেইনে বিভিন্ন সময় অংশ নিয়েছেন।