ভার্চুয়াল আদালতে এক দিনে আরও ১৩০২ হাজতির জামিন

করোনা পরিস্থিতিতে সারা দেশের অধস্তন আদালতে এক দিনে দুই হাজার ৭৯০টি আবেদনের ভার্চুয়াল শুনানি ও নিষ্পত্তি করে এক হাজার ৩০২ আসামিকে জামিন দেওয়া হয়েছে। এ নিয়ে মোট ৩৫ কার্যদিবসে এক লাখ নয় হাজার ১২টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ৫৬ হাজার ৩৭১ জন হাজতি জামিনপ্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছেন।

শনিবার (৫ জুন) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, করোনা সংক্রমণ রোধকল্পে দ্বিতীয় দফায় সারা দেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন এবং অতি জরুরি ফৌজদারি দরখাস্তের ওপর শুনানি চলছে। গত ৩ জুন জামিন পাওয়া সবশেষ এই এক হাজার ৩০২ আসামিসহ মোট ৫৬ হাজার ৩৭১ জনের মধ্যে ৮৮৩টি শিশুও রয়েছে।

এর আগে দেশে ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর প্রথম দফায় ২০২০ সালের ১১ মে থেকে ৪ আগস্ট পর্যন্ত মোট ৫৮ কার্যদিবসে সারা দেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে মোট এক লাখ ৪৭ হাজার ৩৩৯টি ফৌজদারি মামলায় জামিনের দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ৭২ হাজার ২২৯ জন অভিযুক্ত ব্যক্তির (শিশুসহ) জামিন মঞ্জুর হয়।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করে। এরপর থেকেই ভার্চুয়াল পদ্ধতিতে অধস্তন আদালতে জামিনের শুনানি হয়ে আসছে।