বিধিনিষেধ অমান্য করায় ৪৩৮ জনকে জরিমানা

চলমান লকডাউনে সরকার ঘোষিত বিধিনিষেধ  অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সারাদেশে ৪৩৮ জনকে ৪ লাখ ৪ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। দেশব্যাপী র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র‌্যাবের ১৫টি ব্যাটেলিয়নের অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়।

লকডাউনের চতুর্থ দিন রবিবার (৪ জুলাই) সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘৫৬টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লকডাউনের চতুর্থ দিনে দেশব্যাপী বিধিনিষেধ অমান্য করায় এই জরিমানা করা হয়। সারাদেশে র‌্যাব ১৮৭টি টহল ও ২১১টি চেকপোস্ট পরিচালনা করছে। এছাড়া র‌্যাবের পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।

কমান্ডার খন্দকার আল মঈন জানান, এর আগে ভ্রাম্যমাণ আদালতসহ র‌্যাবের অভিযানে  বৃহস্পতিবার ১৮২ জনকে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা ও শুক্রবারের অভিযানে ২১৩ জনকে  ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা, শনিবার ২৭৭ জনকে ১  লাখ ৯৮ হাজার ১৭৫ টাকা জরিমানা করা হয়।