লকডাউন অমান্য: রাজধানীতে ৫২৩ জনকে জরিমানা

করোনার বিধিনিষেধ অমান্য করায় রাজধানী থেকে গ্রেফতার করা ৫২৩ জনকে জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আদালত প্রত্যেককে এক ঘণ্টা করে কারাদণ্ডের আদেশ দেন।

বুধবার (৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলামের আদালত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার ও আজ বুধবার মোট ৫২৩ জন আটককৃতদের বিরুদ্ধে  ডিএমপি অ্যাক্টে মামলা দিয়ে তাদের আদালতে হাজির করা হয়। এরপর বিধিনিষেধ অমান্য করায় আদালত তাদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন এবং অনাদায়ে প্রত্যেককে এক ঘণ্টা করে কারাদণ্ডের আদেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার ৭৫৮ জনকে ও সোমবার ৬৮৭ জনকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নির্দিষ্ট পরিমাণ জরিমানা করেন। এর আগে একই আইনে ৪ জুলাই ৬৩৬ জনকে, ৩ জুলাই ৬০৭ জনকে এবং ২ জুলাই ৬২৯ জনকে জরিমানা করা হয়।