স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামীর সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কাটাগড় এলাকার মহসীন মোল্লার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি মহসীন মোল্লাকে অবিলম্বে কনডেম সেল থেকে সাধারণ সেলে নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও তাকে আইন ও কারাবিধি অনুযায়ী, সব ধরনের সুবিধা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৭ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি আকলিমাকে বিয়ে করেন মহসীন মোল্লা। কিন্তু বিয়ের কয়েকমাসের মাথায় একই বছরের ১৮ আগস্ট খুন হন আকলিমা। পরদিন মহসীনকে ধরে পুলিশে দেয় স্থানীয় জনগণ। সেই থেকে তিনি কারাবন্দি আছেন। এ ঘটনায় মহসীন মোল্লার বিরুদ্ধে করা মামলায় বলা হয়, যৌতুকের জন্য আকলিমাকে হত্যা করা হয়েছে।

মামলাটির বিচার শেষে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০০৬ সালের ১৮ এপ্রিল এক রায়ে মহসীন মোল্লাকে মৃত্যুদণ্ডের সাজা দেন। পরে এই রায় অনুমোদনের জন্য হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। আর কারাবন্দি আসামির পক্ষ থেকে জেল আপিল করা হয়। উভয় আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট ২০১২ সালের ২২ জানুয়ারি মহসীনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন।

এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কারাগার থেকে মহসীন আপিল করেন। এই আপিল আবেদনের ওপর শুনানিকালে নিম্ন আদালতের বিচারে মারাত্মক ত্রুটি দৃষ্টি গোচর হয় আপিল বিভাগের। এসময় আদালত নিম্ন আদালতের বিচারকের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন এবং আদালত উভয়পক্ষের আইনজীবীদের শুনানি নিয়ে আসামির সাজা কমিয়ে রায় ঘোষণা করেন।