ডিবি পুলিশ সেজে চেকপোস্ট বসিয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার চার জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রিমান্ডের এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
আসামিরা হলেন- মানিক ব্যাপারী ওরফে দারোগা মানিক (৩৫), জাহিদ হাসান ওরফে রেজাউল (২৮), ফারুক হোসেন ওরফে নাসির উদ্দিন (৪০) ও রুবেল সিকদার ওরফে রুস্তম (৩০)।
ডাকাতির মামলায় পুলিশ চার আসামির প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করলে আদালত দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও আসামি মানিক বেপারীর বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় আরও সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এসময় অস্ত্র মামলায় মানিকের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন আদালত।
এর আগে, মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের একটি দল মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে ওই চার জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ডিবি পুলিশ লেখা জ্যাকেট, বন্দুক, খেলনা পিস্তল, ওয়াকিটকি, ওয়্যারলেস সেটসহ ডাকাতি ও ছিনতাইকাজে ব্যবহৃত ধারালো অস্ত্র জব্দ করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) হারুন অর রশিদ জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য। তারা ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে আগত ব্যাপারী ও ক্রেতাদের ডাকাতি-ছিনতাই করার পরিকল্পনা করছিলো। তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে রাজধানী ও আশপাশের এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির নামে ডাকাতি করতো।
গ্রেফতারকৃত চারজনের নামে রাজধানী ও আশপাশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মানিকের নামে দুটি, রেজাউলের নামে দুটি, ফারুকের নামে একটি ও রুবেলের নামে সাতটি মামলার তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনসহ পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: চেকপোস্ট বসিয়ে ডাকাতি-ছিনতাই করতো ওরা