জালিয়াতি রোধে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন (বিজেএসএ) তাদের বর্তমান অফিসিয়াল প্যাডটি বাতিল করেছে। গতকাল রবিবার (১৮ জুলাই) অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী এবং মহাসচিব বিকাশ কুমার সাহার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের গোচরীভূত হয়েছে যে, বিজেএসএ-র প্যাডে জালিয়াতি পূর্বক অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবের নাম-পদবি ব্যবহার করে একটি কুচক্রী মহল বিভিন্ন ব্যক্তি, দফতর বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসত্য, মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর, মনগড়া, মানহানিকর বক্তব্য সম্বলিত পত্র প্রেরণ করছে। যা অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক ও ষড়যন্ত্রমূলক। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান বা দফতরে এ ধরনের কোনও পত্র কখনোই প্রেরণ করা হয়নি।
‘যারা এ ধরনের অপপ্রচারমূলক পত্র প্রেরণ করছেন, তাদের কঠোরভাবে সতর্ক করা হলো। এ ধরনের অপপ্রচারে যে বা যারা জড়িত আছেন, তা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের গোচরীভূত হওয়া মাত্রই তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বার বার সতর্ক করার পরও প্যাড জালিয়াতি করায় বর্তমান অফিসিয়াল প্যাডটি সম্পূর্ণরূপে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।