রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ আগস্ট) পৃথক অভিযানে তাদেরকে রাজধানীর রমনা ও শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের লালবাগ গোয়েন্দা বিভাগ।
রবিবার (৮ আগস্ট) গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান বলেন, শনিবার সন্ধ্যায় রমনা থানার রমনা চাইনিজ রেস্টুরেন্টের সামনে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- আব্দুল্লাহ আল মাসুদ, মো. বাবুল মিয়া, মো. স্বপন রহমান, মো. মানিক ও মো. জুয়েল হোসেন। এ সময় তাদের কাছ থেকে ২টি স্টিলের চাকু উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, অপর অভিযানে গোয়েন্দা লালবাগ বিভাগের একই টিম ওই দিন রাতে শাহবাগ থানার আজিজ সুপার মার্কেটস্থ মুসলিম সুইটস এন্ড বেকারির সামনে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মো. ইয়াছিন ওরফে বাবু, মো. কালু মিয়া, মো. ফজলে আলী, মো. আল-আমিন ও স্বপন । এ সময় তাদের কাছ থেকে ৩টি স্টিলের চাকু উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের স্থায়ী কোন ঠিকানা নেই। তারা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অবস্থান করে যাত্রী, পথচারীদের টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে থাকে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা ও শাহবাগ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।